শিরোনাম

টানা ২৫ মৌসুম গোল করে রেকর্ড রোনালদোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টানা ২৫ মৌসুম গোল করে রেকর্ড রোনালদোর
লিগে টানা ২৫ মৌসুম গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো

কিছুদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়েছেন ফুটবল ক্যারিয়ারের শেষ দিকে আছেন তিনি। ২০২৬-২৭ মৌসুমের শুরুতে রোনালদো গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে প্রতিটি লিগ মৌসুমে গোল করার ধারা বজায় রাখলেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) রাতে আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে গোল করে এই রেকর্ডে নাম লিখলেন সিআরসেভেন। তাতে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়লেন রোনালদো।

৪১ বছর বয়সী রোনালদো সৌদি প্রো লিগের এবারের মৌসুমে আল নাসরের দ্বিতীয় ম্যাচে শুরুতে বেঞ্চে ছিলেন। ম্যাচের ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে নেমে ৮৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

টানা ২৫ মৌসুমে গোল করার রেকর্ডে রোনালদো টপকে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে, তিনি ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুমের মধ্যে টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন।

রোনালদো পাঁচটি ক্লাবে খেলে গোলের ধারা বজায় রাখলেন। স্পোর্টিংয়ের হয়ে শুরু করার পর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম মেয়াদের প্রতিটি মৌসুমে, রিয়াল মাদ্রিদে নয়টি মৌসুমে এবং জুভেন্তাসে তিনটি মৌসুমে গোল করেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার পর ২০২২-২৩ মৌসুমের মাঝামাঝিতে তিনি সৌদি আরবে যোগ দেন এবং আল নাসরের হয়ে গোল করার ধারা অব্যাহত রাখেন।

এটি রোনালদোর ক্যারিয়ারে ৯৭৭তম গোল। ফলে ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২৩টি গোল।

/টিই/