বাংলাদেশের ফুটবল উন্নয়নে বড় সহায়তার আশ্বাস ফিফা সভাপতির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ফুটবল উন্নয়নে বড় সহায়তার আশ্বাস ফিফা সভাপতির
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ভুটান সফরে যাওয়ার সময় ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরেই বাফুফে সভাপতি ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের আশাবাদের কথা জানান ইনফান্তিনো।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বিমানবন্দরে নামার পর থেকে মানুষের সঙ্গে কথা বলেই সেই আবেগ অনুভব করা যায়।

ইনফান্তিনো বলেন, ‘ঢাকায়, বাংলাদেশে আসতে পেরে আমি খুবই আনন্দিত। সুন্দর এই দেশটি আমার কাছে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি ফুটবলের প্রতি দারুণ আবেগী একটি দেশ। এখানকার সবাই ফুটবল ভালোবাসে, খেলাটিকে ভালোবাসে। এখানে আসার পর প্রথম মুহূর্ত থেকেই তা অনুভব করা যায়।’

ইনফান্তিনো আরও জানান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ফিফার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও তার বোর্ডের প্রশংসা করে ফিফা সভাপতি বলেন, ‘বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বাফুফে সভাপতি ও তার দল দারুণ কাজ করছেন। বাংলাদেশের মানুষের এটাই প্রাপ্য। ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, নারী ও পুরুষ খেলোয়াড়, স্কুলে বিনিয়োগ, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র ও পরিকল্পনা- এসব নিয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের ফুটবলের জন্য এসব ভালো প্রকল্প বাস্তবায়ন করবো।’

বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক প্রভাবের উদাহরণ দিতে গিয়ে গত জুনে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচের কথাও উল্লেখ করেন ইনফান্তিনো। তার ভাষ্য, ওই ম্যাচ দেখতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি সমর্থকেরা সান মারিনোতে গিয়েছিলেন। ফলে দেশটি ভালো আয় করতে পারে সেই ম্যাচের টিকিট বিক্রি থেকে।

ফিফা সভাপতি বলেন, ‘এটি দেখায়, ফুটবল কীভাবে বিশ্বকে এক করে এবং সর্বত্র বড় প্রভাব ফেলে। বাংলাদেশে যারা ফুটবলের জন্য কাজ করছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে আরও অনেক কিছু আসছে।’

ফিফা সভাপতি এসব কথা বলেছেন বাফুফের পাঠানো ভিডিও বার্তায়।

/টিই/