আটলান্টায় জোড়া গোলে বিশ্বকাপ স্মৃতি মনে করালেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আটলান্টায় জোড়া গোলে বিশ্বকাপ স্মৃতি মনে করালেন মেসি
লিওনেল মেসি

তিন মাসের ব্যবধানে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আবার জাদুকরি পারফরম্যান্স দেখালেন লিওনেল মেসি। ক্লাব ইন্টার মায়ামির হয়ে জোড়া গোলের পর, এই মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেই স্মরণীয় জয়ের কথা স্মরণ করলেন মেসি।

বাংলাদেশ সময় রবিবার সকালে মেজর লিগ সকারের ম্যাচটিতে আটলান্টা ইউনাইটেডকে তাদের মাঠে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি।

এই মাঠে গত ১৫ জুলাই বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। এনজো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেজের গোলে চমৎকার অ্যাসিস্ট করেন মেসি। তাতে ২-১ গোলে জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে পা রাখে লিওনেল স্কালোনির দল।

আটলান্টার বিপক্ষে জয়ের পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে আরও একটি জয়, এমন এক স্টেডিয়ামে, যা সাম্প্রতিক সময়ের সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দেয়...।’

এমএলএসের প্লে-অফে খেলা আগেই নিশ্চিত করেছে মায়ামি। এই জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থান আরও সুসংহত করেছে তারা।

/টিই/