বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত অংশে ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি।

বাফুফে সহ-সভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘সভাপতি ও আমরা বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’

ভূটানে দুদিন থাকবেন ফিফা সভাপতি। ২০ তারিখ ফেরার পথে ফিফা সভাপতির আবার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ঐ সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে থাকবেন।

ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০১৭ সালে এক দিনের সফরে এসেছিলেন। ৯ বছর পর যাত্রা বিরতিতে কিছু সময় কাটালেন ঢাকায়।

ফিফা সভাপতি বাংলাদেশে ঘণ্টা দেড়েক অবস্থান করবেন বিষয়টি শনিবার বিকেল পর্যন্ত নিশ্চিত ছিল না। রাতে নিশ্চিত হলেও বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় জানানো হয়নি। ইনফান্তিনো চলে যাওয়ার সময় মিডিয়ায় ছবি ও ভিডিও সরবারহ করা হয়েছে।

/টিই/