শিরোনাম

মেসিদের হারাবে কেপ ভার্দে: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসিদের হারাবে কেপ ভার্দে: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
রদ্রিগো ডি পল ও লিওনেল মেসি। ছবি: ইএসপিএন

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান আর টানা তিন জয়ের অবিশ্বাস্য ছন্দ নিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ ৬৭ নম্বরে থাকা নবাগত কেপ ভার্দে হওয়ায় আলবিসেলেস্তেদের জয় নিয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া ভার। তবে মাঠের শক্তিমত্তার এই বিশাল ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে আর্জেন্টিনার বিদায় দেখছেন ঘানার এক ওঝা এবং দুই দেশের প্রভাবশালী রাষ্ট্রপ্রধান। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিদের রুখে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দেই শেষ হাসি হাসবে বলে তাদের জোরালো দাবি।

ঘানার আলোচিত ওঝা নানা কোয়াকু বনসামের বিশ্বাস, ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে কেপ ভার্দে। ওঝার এ সুরধ্বনি প্রতিধ্বনিত হয়েছে খোদ কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসের কণ্ঠেও। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জয়ের প্রবল ক্ষুধা ও কম প্রত্যাশার চাপকে কাজে লাগিয়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাতে পারে তার দেশ। বিস্ময়কর এই ভবিষ্যদ্বাণীতে যোগ দিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও, যার মতে মেসি এই ম্যাচেই তার ক্যারিয়ারের অন্যতম বড় ধাক্কাটি খেতে যাচ্ছেন।

কেপ ভার্দের মানুষের অবিশ্বাস্য শারীরিক ও মানসিক সক্ষমতার কথা উল্লেখ করে রামোস-হোর্তা জানান, তাদের ঐতিহ্যবাহী পুষ্টিকর খাদ্য ‘কাচুপা’ এবং বৈরী প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ের সহনশীলতাই মাঠে মেসিদের পরাস্ত করতে সাহায্য করবে। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের মতে, কেউ বিশ্বাস না রাখলেও তিনি নিশ্চিত যে কেপ ভার্দে ইতোমধ্যেই মনস্তাত্ত্বিকভাবে জিতে গেছে। ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হতে যাওয়া এ হাইভোল্টেজ ম্যাচে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠের লড়াইয়ে এ ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

/এমএকে/