শিরোনাম

অস্ট্রিয়া ম্যাচের ভক্তদের বড় সুখবর দিলেন স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রিয়া ম্যাচের ভক্তদের বড় সুখবর দিলেন স্পেন কোচ
লামিনে ইয়ামাল

স্পেনের ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার জন্য এখন পুরোপুরি প্রস্তুত লামিনে ইয়ামাল। বৃহস্পতিবার (২ জুলাই) শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে স্প্যানিশ কোচ নিজেই ইয়ামালের ফেরার বার্তা দিয়ে শঙ্কা দূর করেছেন।

গত এপ্রিলের শেষ দিকে চোট পাওয়ার পর থেকেই ইয়ামালকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছিল স্পেন দল। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তার খেলার সময় কিছুটা সীমিত রাখা হয়েছিল। ইয়ামালের শারীরিক অবস্থা নিয়ে কোচ বলেন, ‘আমরা তাকে নিয়ে খুব সতর্ক ছিলাম এবং অন্য সব খেলোয়াড়ের মতোই তার পুনর্বাসনের সময়কে সম্মান করেছি। এখন লামিনে খুব ভালো অবস্থায় আছে। সবচেয়ে বড় বিষয় হলো, সে খেলতে মুখিয়ে আছে।’ তবে অস্ট্রিয়া ম্যাচে ইয়ামাল শুরু থেকেই খেলবেন কি না, তা নিয়ে কিছুটা রহস্য জিইয়ে রেখে হাসতে হাসতে কোচ যোগ করেন, ‘কাল সে খেলবে কি না, সেটা দেখা যাবে।’

চলমান বিশ্বকাপে চোটের কারণে এখন পর্যন্ত কোনো পুরো ম্যাচ খেলা হয়নি ইয়ামালের। গ্রুপ পর্বের তিন ম্যাচে সব মিলিয়ে মাত্র ১৪১ মিনিট মাঠে থেকে একটি গোল করেছেন তিনি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নামার পর সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পান এই তরুণ উইঙ্গার। এরপর উরুগুয়ের বিপক্ষে তিনি খেলেন ৭৬ মিনিট। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর আর কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি স্পেন। তবে এবার গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে ‘ক্লিন শিট’ বা কোনো গোল হজম না করে শেষ ষোলো নিশ্চিত করেছে লা রোহারা। এবার ইয়ামালকে পুরো সময়ের জন্য ফিট পাওয়ায় নকআউটের দীর্ঘ খরা কাটানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্প্যানিশ শিবির।

/এমএকে/