শিরোনাম

‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন নেইমার’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন নেইমার’
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

পেশির গ্রেড-২ স্ট্রেইন চোটে পড়েছেন নেইমার। তবু নেইমারকে বিশ্বকাপ দলে রেখে দিচ্ছেন কার্লো আনচেলত্তি! অথচ এই কোচই বলেছিলেন, পুরো ফিট না থাকলে বিশ্বকাপ দলে জায়গা মিলবে না। আগের বক্তব্য থেকে সরে এসে চোটাক্রান্ত নেইমারকে দলে রাখার কারণও ব্যাখ্যা করলেন ব্রাজিলের কোচ।

বিশ্বকাপ দলে নেইমার থাকবেন কিনা তা ছিল বড় প্রশ্ন। দলে নেইমার সুযোগ পাওয়ার পর চোটের কারণে দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিটকে গেছেন। সান্তোসের হয়ে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিনই পরীক্ষায় নিশ্চিত হয়েছে, গ্রেড-২ মাসল স্ট্রেইন তার। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারের মাঠে নামা নিয়েই এখন সংশয়।

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে সেলেসাওরা। পানামার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের কোচ ব্যাখ্যা করলেন নেইমারকে দলে নেওয়ার কারণ।

আনচেলত্তি বলেন, ‘যখন থেকে আমি নিজে দল চূড়ান্ত করেছি, তখন থেকেই ২৬ জনের মধ্যে নেইমার ছিল। দল ঘোষণার আগে, আমরা সান্তোসের কাছ থেকে একটি রিপোর্ট পাই যে, তার (নেইমার) হাল্কা সমস্যা হয়েছে। পরিস্থিতি সামলানোর জন্য ২৭ তারিখ পর্যন্ত আমরা সান্তোসের ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। নেইমারকে দলে ডাকা হয়েছে কারণ, কোচিং স্টাফের দৃষ্টিকোণ থেকে, তাকে দলে রাখতেই হতো। ২৭ তারিখের পর, সিবিএফ নেইমারের পরিস্থিতি নিজেদের হাতে নেয় এবং আমরা সেটাই করেছি। নেইমারের সেরে ওঠার ব্যাপারটি আমাদের তত্ত্বাবধানে হচ্ছে।’

আনচেলত্তির আশা, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে (১৩ জুন) খেলতে পারবেন নেইমার। কোচ বলেন, ‘সে ভালোভাবে অনুশীলন করছে এবং তার মনোবলও ভালো আছে...আমরা বিশ্বাস করি, সে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবে। প্রথম ম্যাচের জন্য যদি প্রস্তুত নাও হতে পারে, দ্বিতীয় ম্যাচে তাকে পাবো।’

বাংলাদেশ সময় রবিবার (৩১ মে) দিবাগত রাতে মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

/টিই/