শিরোনাম

নরওয়ে কোচের প্রধান ভরসা ‘হলান্ড’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নরওয়ে কোচের প্রধান ভরসা ‘হলান্ড’
নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড।

দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছে নরওয়ে। আর বিশ্বমঞ্চে দলটির এ রাজকীয় প্রত্যাবর্তনের মূল কাণ্ডারি ভাবা হচ্ছে অবিশ্বাস্য ফর্মে থাকা ২৫ বছর বয়সী স্ট্রাইকার আর্লিং হলান্ডকে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ জুন) ভোর ৪টায় ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে নরওয়। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের কোচ স্তল সুলবাকেন আশাবাদ ব্যক্ত করেছেন, বাছাইপর্বের মতো মূল পর্বেও নিজের চেনা রুদ্ররূপে ধরা দেবেন এ গোলমেশিন।

এবারের বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র ৮ ম্যাচে ১৬টি গোল করে অনন্য এক রেকর্ড গড়েন হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ও জাতীয় দল থেকে মৌসুমের শেষ দিকে পর্যাপ্ত বিশ্রাম পাওয়ায় বেশ সতেজ অবস্থায় মাঠে নামবেন এ তারকা। কোচ সুলবাকেন মনে করেন, মাঠে হলান্ডের কাজ সহজ করতে অন্য খেলোয়াড়দের নিখুঁতভাবে সুযোগ তৈরি করতে হবে, কারণ সুযোগ পেলে গোল করার সহজাত প্রবণতা রয়েছে হলান্ডের। তবে কেবল হলান্ডই নন, চোট কাটিয়ে ফেরা অধিনায়ক ও আর্সেনাল তারকা মার্টিন ওদেগোরের প্রশংসাও করেছেন কোচ। ওদেগোরের অনুপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়রা মানসিকভাবে আরও পরিপক্ব ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এটি মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস তার। অবশ্য দলে কিছুটা নেতিবাচক খবরও রয়েছে। জ্বরের কারণে স্ট্রাইকার ইয়ুর্গেন স্ত্রাদ লারসেনের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, টানা ২১ ম্যাচের দীর্ঘ পথ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরাক দলটিকে বেশ সমীহ করছে নরওয়ে। বিশেষ করে দলটির আঁটসাঁট রক্ষণভাগ ও ক্রস থেকে আক্রমণ করার দক্ষতাকে বিপজ্জনক মনে করছেন সুলবাকেন। পাশাপাশি ইরাকের বর্তমান কোচ গ্রাহাম আর্নল্ড ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নকআউট পর্বে তোলার অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় ম্যাচটি নরওয়ের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে।

/এমএকে/