শিরোনাম

প্রস্তুত পরীক্ষিত ৩ অস্ত্র, স্বস্তির হাওয়া আর্জেন্টিনা শিবিরে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রস্তুত পরীক্ষিত ৩ অস্ত্র, স্বস্তির হাওয়া আর্জেন্টিনা শিবিরে
অনুশীলনে নির্ভার আর্জেন্টিনার খেলোয়াড়রা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে আলবিসেলেস্তা শিবিরে বইছে স্বস্তির হাওয়া। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের দুই প্রধান তারকা চোট কাটিয়ে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।

ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে স্কালোনি চূড়ান্ত একাদশ পরিষ্কার না করলেও নিশ্চিত করেছেন, গোলপোস্টের নিচে দাঁড়াতে প্রস্তুত ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজ। আঙুলের চোট কাটিয়ে নির্ভরযোগ্য গোলকিপার ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন। একই সঙ্গে অ্যাঙ্কলের চোট সামলে পুরোদমে ফিট হয়ে উঠেছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তবে মাংসপেশির চোটে ভুগতে থাকা লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। স্কালোনি জানান, সন্ধ্যার অনুশীলনের পরই খেলোয়াড়দের চূড়ান্ত একাদশ জানিয়ে দেওয়া হবে।

প্রতিপক্ষ আলজেরিয়াকে বেশ সমীহ করছে আর্জেন্টিনা। আফ্রিকার দলটির খেলার ধরনের সঙ্গে স্কালোনি মরক্কোর মিল খুঁজে পাচ্ছেন। চলতি আসরে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে মরক্কো। আলজেরিয়াও সেই একই ধারার ফুটবল খেলে আর্জেন্টিনাকে ভড়কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রথম ম্যাচের বাড়তি চাপ সামলাতে দলে মানসিকভাবে শান্ত থাকার ওপর জোর দিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। কাতারে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়ার ধাক্কার কথা স্মরণ করে তিনি বলেন, বিগত বিশ্বকাপ তাদের বড় শিক্ষা দিয়েছে। প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটাই টুর্নামেন্টের শেষ নয়। তাই দল এখন মানসিকভাবে স্বস্তিতে থেকে মাঠে নামার জন্য মুখিয়ে আছে।

/এমএকে/