শিরোনাম

অস্ট্রিয়া ম্যাচের আগে অভিযোগের চাপে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রিয়া ম্যাচের আগে অভিযোগের চাপে আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা দল

চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে দলটির। তবে এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরের এক মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে আলবিসেলেস্তেদের। বিশেষ করে দলের দুই অভিজ্ঞ তারকা লিওনেল মেসি ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে রেফারিংয়ের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। উত্তর আফ্রিকার দলটির দাবি, ম্যাচ চলাকালীন রেফারি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা সম্পূর্ণভাবে তাদের বিপক্ষে গেছে। আলজেরিয়ার অভিযোগের মূল তির আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক আলিস্টার ও ইব্রাহিম মাজানের মধ্যকার একটি সংঘর্ষের দিকে। ম্যাচটিতে ম্যাক আলিস্টার প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার পরও রেফারি সিমন মার্সিনিয়াক তাকে কোনো কার্ড দেখাননি। একই সঙ্গে, আইসা মান্ডিকে লক্ষ্য করে করা একটি চ্যালেঞ্জের জন্য কোনো প্রকার শাস্তির মুখে পড়তে হয়নি আর্জেন্টাইন অধিনায়ক মেসিকেও।

ম্যাচ পরিচালনায় পোলিশ রেফারি মার্সিনিয়াকের পারফরম্যান্স এবং তার স্বদেশি টমাস কোয়াতকোভস্কির নেতৃত্বাধীন ভিএআর কক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে আলজেরিয়া ফুটবল ফেডারেশন। এ বিতর্কিত ইস্যু নিয়ে মুখ খুলেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাল্পনিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা অর্থহীন হলেও, মাঠে যা ঘটেছে তা তিনি নিজে এবং ফুটবলপ্রেমী সবাই দেখেছেন। মাঠের বাইরের এ বিতর্কিত আবহের মাঝেই মনস্তাত্ত্বিক চাপ সামলে অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

/এমএকে/