শিরোনাম
সরাসরি

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি

০০: ০৭

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারতো ম্যাচের নবম মিনিটেই। ভিএআর সিদ্ধান্তে পেনাল্টি পেয়েছিল আলবিসেলেস্তেরা। তবে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। অবশ্য ৩৮ মিনিটে সেই মেসিই গোল করে দলকে লিড এনে দেন। এই গোলে রেকর্ডও গড়েছেন এলএমটেন। আর্জেন্টাইন জাদুকরের বিশ্বকাপে এটি ১৭তম গোল। তাতে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

মেসি এ নিয়ে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল পেলেন। তাতে ভাগ বসিয়েছেন ফরাসি কিবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জেয়ারজিনহো রেকর্ডে।

প্রথমার্ধে ৬০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের উদ্দেশ্যে আর্জেন্টিনা শট নিয়েছে ৩টি, যার ২টি ছিল লক্ষ্যে। অস্ট্রিয়ার ২ শটের একটিও লক্ষ্যে ছিল না।

২৩: ৪৪

ক্লোসাকে ছাড়িয়ে মেসির রেকর্ড

ক্লোসাকে ছাড়িয়ে মেসির রেকর্ড
গোলের পর এনজো ফার্নন্দেজের সঙ্গে মেসির উদযাপন

অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি যখন নেন মেসি, তার সামনে সুযোগ ছিল মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার। সেটি মিস করলেও ম্যাচে ঠিকই গোল করলেন মেসি।

বা পাশ থেকে তাকে ফাকুন্দো মেদিনা ক্রস করেন বক্সে। মাঝে আলমাদা ডামি করলেন, বক্সের বাইরে বলটা গিয়ে পড়ে মেসির পায়ে। এরপর দারুণ শটে মেসি বল পাঠান অস্ট্রিয়ার জালে। আর তাতেই রেকর্ড হয়ে গেলো।

মিরোস্লাভ ক্লোসার ১৬ গোল ছাড়িয়ে এখন রেকর্ডটা নিজের করে নিলেন মেসি। এ নিয়ে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করলেন এলএমটেন।

২৩: ৩৯

অনাকাঙ্খিত রেকর্ড

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড় এখন লিওনেল মেসি। এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে অনাকাঙ্খিত রেকর্ডটি একার দখলে নিলেন তিনি।

২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন এলএমটেন। প্রথম দুবার গোলকিপার তার শট ঠেকান। এবার মেরেছেন পোস্টের বাইরে।

২৩: ৩০

প্রথম ২৫ মিনিটে এলোমেলো খেলেছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা এলোমেলো খেলছে। এর একটা কারণ হতে পারে অস্ট্রিয়ার গেগেনপ্রেসিং। আর্জেন্টাইনদেরকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দিচ্ছে না কোচ রালফ রাংনিকের শিষ্যরা।

ম্যাচের এখনো অনেকটা সময় বাকি। তবে প্রথম ২৫ মিনিটে ডুয়েল বেশি জিতেছি অস্ট্রিয়ার খেলোয়াড়রা। আর্জেন্টিনার ডিফেন্ডারদেরও আজ ভালোই পরীক্ষা দিতে হচ্ছে।

২৩: ২১

মেসির পেনাল্টি মিসের সংখ্যা ৩৩

মেসির ক্যারিয়ারে এটি ৩৩তম পেনাল্টি মিস। এমন তথ্যই জানাচ্ছে ট্রান্সফারমার্কেট। টাইব্রেকার বাদে এখন পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি।

এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিসের ঘটনাও এটি।

২৩: ১১

মেসির মিস

মেসির মিস
পেনাল্টি মিস করে কিছুটা হতাশ মেসি

ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। স্পটকিক নিতে আসেন মেসি। তবে ডান দিক দিয়ে পোস্টের বাইরে মারেন মেসি। আর্জেন্টিনাকে থাকতে হচ্ছে গোলের অপেক্ষায়। মেসিরও এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষাটা বাড়লো।

তার আগে মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।

২২: ৫২

এক পরিবর্তন নিয়ে মাঠে আর্জেন্টিনা

আলজেরিয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা।

আর্জেন্টিনা একাদশ: এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ।