শিরোনাম

সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কী কী করতে পারবে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কী কী করতে পারবে
বাংলাদেশ সেনাবাহিনী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর ফলে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া, সেনাবাহিনী কর্মকর্তারা আজ (২২ জুন) থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যা করতে পারবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সোমবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, দিতে পারবেন জামিনও।

গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবে তারা। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী।

এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে, আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও।

সোমবার জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এ ক্ষমতার আওতায় কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২–এর অধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্ষমতা ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা, পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা এলাকায় কার্যকর থাকবে।

/এফআর/