শিরোনাম

কোচ নিয়োগে হামজার পরামর্শ চাইতে পারে বাফুফে

সিটিজেন ডেস্ক
কোচ নিয়োগে হামজার পরামর্শ চাইতে পারে বাফুফে
হামজা চৌধুরী। ছবি: ইন্সটাগ্রাম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন পর্যন্ত তিন শতাধিক আবেদন জমা পড়েছে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল হলেও এরই মধ্যে ২২ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে কোচ নিয়োগের বিশেষ কমিটি।

এই তালিকা এখন যাবে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে। সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে থাকা এই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর মতামত নিতে পারে।

বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন গত মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়টি মূলত ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত। তবে চাইলে হামজা চৌধুরীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলা হতে পারে।

সাধারণত জাতীয় দলের কোচ নিয়োগে ফেডারেশনই মূল সিদ্ধান্ত নেয়। অনেক সময় অধিনায়ক বা সিনিয়র খেলোয়াড়দের মতামত নেওয়া হলেও এবার এখন পর্যন্ত কোনো ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়নি।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া জানান, কোচ নিয়োগ নিয়ে এখনো তার সঙ্গে কেউ কথা বলেনি। তবে মতামত চাইলে তিনি অবশ্যই দেবেন।

বাংলাদেশের কোচ হওয়ার জন্য ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেনসহ বিভিন্ন দেশ থেকে আবেদন এসেছে। ২২ জনের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিলের অলিম্পিকজয়ী কোচ রোজেরিও মাইকেলও আছেন। আর্জেন্টিনার দুজন কোচও রয়েছেন এই তালিকায়। বাংলাদেশের কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও বিবেচনায় আছেন।

বাফুফে এখন কোচদের কাছ থেকে বেতন চাহিদা ও সম্ভাব্য যোগদানের সময় জানতে তথ্য সংগ্রহ করছে। এরপর তালিকা আরও ছোট করা হবে।

কামরুল হাসান হিলটন বলেন, নির্দিষ্ট বাজেটের মধ্যেই কোচ নিয়োগ দিতে হবে। কোনো কোচ যদি লাখ ডলার বেতন দাবি করেন, তা সম্ভব নয়। বাফুফে ২৫ থেকে ৩০ হাজার ডলারের মধ্যে থাকতে চায়।

তিনি আরও জানান, ফিফার অনুদানের পাশাপাশি স্পন্সর খোঁজার কাজও চলছে। ভালো মানের কোচ নিয়োগে আর্থিক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

/এসএ/