ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে থামলো আয়ারল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে থামলো আয়ারল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচ
মাঠে ছুড়ে দেওয়া হয় ফিলিস্তিনের পতাকা আঁকা টেনিস বল। ফিলিস্তিনি পতাকা হাতে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার উয়েফা নেশন্স লিগের ম্যাচে দু্ইবার খেলা বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ১৯ মিনিটে দর্শকেরা ফিলিস্তিনি পতাকা আঁকা বেশ কিছু টেনিস বল মাঠে ছুড়ে দেন। বলগুলোতে ‘স্টপ দ্য গেম’ লেখা ছিল। এ সময় খেলোয়াড়েরা মাঠের বাইরে চলে যান। নিরাপত্তাকর্মীরা বলগুলো সরিয়ে নেওয়ার পর কয়েক মিনিটের মধ্যে খেলা আবার শুরু হয়।

ম্যাচের ৩৫ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। ফলে ম্যাচটি সাময়িকভাবে বন্ধ থাকে।

ইসরায়েলকে লাল কার্ড দেখানোর দাবি জানিয়ে মাঠের বাইরে আয়ারল্যান্ডের সমর্থকদের বিক্ষোভ
ইসরায়েলকে লাল কার্ড দেখানোর দাবি জানিয়ে মাঠের বাইরে আয়ারল্যান্ডের সমর্থকদের বিক্ষোভ

ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ২০০ মানুষ ‘শো ইসরায়েল রেড কার্ড’ ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।

এর আগে গেল ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে খেলার সময় যুদ্ধের প্রতিবাদে আইরিশ খেলোয়াড়েরা কালো বাহুবন্ধনী পরেছিলেন। ইসরায়েলের জাতীয় সংগীত বাজার সময় মাথা নিচু করে ছিলেন। ম্যাচ শুরুর আগে ইসরায়েলের অধিনায়কের সঙ্গে হাতও মেলাননি আয়ারল্যান্ডের অধিনায়ক।

আয়ারল্যান্ডের এক খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি খেলতে চাননি। পরে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় ম্যাচটি খেলবে আয়ারল্যান্ড দল।

আগামী রবিবার (৪ অক্টোবর) আবার ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।

/টিই/