শিরোনাম

ফাইনালের ভেন্যু নিয়ে অসন্তোষ ব্রাজিল-ফ্রান্সের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালের ভেন্যু নিয়ে অসন্তোষ ব্রাজিল-ফ্রান্সের
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম। ছবি: ফেসবুক

ফাইনাল ম্যাচ এখনো বহুদূর। গ্রুপ পর্বই শেষ হয়নি। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে কোন দুই দল উঠবে, সেটার ঠিক নেই। কিন্তু এরই মধ্যে ফাইনালের ভেন্যু নিযে অসন্তোষ প্রকাশ করেছে ব্রাজিল ও ফ্রান্স দল।

বিশ্বকাপের জন্য মেটলাইফ স্টেডিয়ামের নাম রাখা হয়েছে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম। এই মাঠের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়-কোচরা। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে ফিফা।নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে; ১৩ জুন ব্রাজিল-মরক্কো (১: ১) এবং এর তিনদিন পর ফ্রান্স-সেনেগাল (৩: ১)। মরক্কোর বিপক্ষে গোল করা ভিনিসিয়ুস জুনিয়র মাঠ নিয়ে বলেছেন, ‘আবহাওয়া ও গরমের কারণে ঘাস খুব দ্রুত শুকিয়ে যায়। ফলে খেলার গতি অনেক ধীর হয়ে পড়ে। আমরা ছন্দ তৈরি করতে পারিনি।’

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন একটু ঘুরিয়ে, ‘আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। ঘাসের নিচে হয়তো সিমেন্ট রয়েছে। ঘাসও খুব ছোট। তবে আমরা মানিয়ে নিচ্ছি। এসব কারণে অবশ্যই কিছু পরিবর্তন আসে এবং আমরা সেগুলো মাথায় রাখি।’

ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও আবার সরাসরিই বলেছেন, ‘ওটাকে মাঠ বলা যায় কি না, সেটাই জানি না। কৃত্রিম মাঠের মতো মনে হয়েছে। খুব শক্ত ও অনমনীয় ছিল। অবশ্য দুই দলের জন্যই পরিস্থিতি একই ছিল।’

এবারের বিশ্বকাপে এই মাঠে আরও ৬টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে খেলবে নরওয়ে-সেনেগাল, জার্মানি-ইকুয়েডর ও ইংল্যান্ড-পানামা। শেষ বত্রিশ ও শেষ ষোলোতেও একটি করে ম্যাচ হবে। এরপর ১৯ জুলাইয়ের ফাইনাল।

ব্রাজিল ও ফ্রান্স দল মাঠের মান নিয়ে প্রশ্ন তুললেও ফিফার ভাষ্য, ‘২০২৬ বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের সব মাঠই খেলার উপযোগিতা ও খেলোয়াড়দের নিরাপত্তার দিক থেকে চমৎকার অবস্থায় আছে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের মাঠের কিছু অংশের দৃশ্যমান চেহারা নিয়ে মন্তব্য করা হয়েছে। কিন্তু আমাদের টার্ফ ব্যবস্থাপনা দলের মূল্যায়ন হলো, মাঠ পুরোপুরি ঠিক আছে এবং বড় পর্যায়ের প্রতিযোগিতার জন্য যেভাবে কাজ করার কথা, সেভাবেই করছে।’

/আরএ/