শিরোনাম

এমবোলোর গোলে শুরুতেই এগিয়ে সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এমবোলোর গোলে শুরুতেই এগিয়ে সুইজারল্যান্ড
গোল করার পর ব্রিল এমবোলো

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ম্যাচের শুরুতেই মাত্র ১০ মিনিটে এক দুর্দান্ত পাল্টা আক্রমণ থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন স্ট্রাইকার ব্রিল এমবোলো। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখা আলজেরিয়ার জন্য এই ম্যাচটি যেমন মর্যাদার, তেমনি ইতিহাস গড়ারও।

চলতি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের ১০টি দলের মধ্যে রেকর্ড ৯টি দলই গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে ফুটবল বিশ্বে নতুন এক কীর্তি স্থাপন করেছে, যার অন্যতম অংশীদার আলজেরিয়া। আফ্রিকান দলটির সাম্প্রতিক সাফল্যে বড় অবদান রাখছেন তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয়। যেখানে ২৪ বছর বয়সী রাফিক বেলঘালি অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে ১৯৮২ সালের পর দেশের কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতার রেকর্ড গড়েছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ রিয়াদ মাহরেজও একই ম্যাচে জোড়া গোল করে নিজের নাম লিখিয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতা হিসেবে।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, সুইজারল্যান্ড এখনো তাদের চেনা সেরা ছন্দ পুরোপুরি ফিরে না পেলেও নকআউটের বাঁচা-মরার লড়াইয়ে তাদের অভিজ্ঞ স্কোয়াডই মূল পার্থক্য গড়ে দিতে পারে। আলজেরিয়ার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে সুইসরা ম্যাচটি জিতে শেষ ষোলোর টিকিট কাটতে মরিয়া, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া বা ঘানা। তবে মাঠের এই লড়াইয়ের পাশাপাশি ডাগআউটের কৌশলগত যুদ্ধও বেশ জমজমাট। সাবেক শিষ্যের হুঙ্কারের জবাবে আলজেরিয়ার অভিজ্ঞ গুরু ভ্লাদিমির পেতকোভিচ শেষ পর্যন্ত কী ছক আঁকেন, সেটাই এখন দেখার বিষয়।

/এমএকে/