মুমিনুল কি তবে টেস্ট দলের বোঝা হয়ে উঠছেন?

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মুমিনুল কি তবে টেস্ট দলের বোঝা হয়ে উঠছেন?
দক্ষিণ আফ্রিকার সফরে চার ইনিংসে মুমিনুল হক করেছেন মোট ১৯ রান

মুমিনুল হক টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার গলে করেছিলেন ফিফটি। ক্যারিয়ারের শুরুর দিকে দেশের মাটিতে এবং বিদেশে দুই জায়গাতেই রান করতেন। টানা ১১ টেস্টে ফিফটি প্লাস রান করার কীর্তিও আছে। ২০২৫ সালেও টানা পাঁচ ইনিংসে ফিফটি বা তার বেশি করেছেন। তবে সেই মুমিনুলকে কী এবার বিশ্রাম দেওয়ার সময় চলে এলো!

অবশ্য এই বিবেচনা করার আগে এক পরিসংখ্যানে চোখ বুলাতে হবে। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে মুমিনুল বড় ইনিংস খুব একটা না খেললেও এখনো রান পাচ্ছেন। ঘরের মাঠে প্রায় ৪৮ গড়ে রান করা এই ব্যাটারের বিদেশের মাটিতে গড় প্রায় অর্ধেক। প্রত্যাশা ছিল এবার পুরনো পরিসংখ্যান পাল্টে ফেলবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরেও পরিবর্তন হয়নি। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও ব্যর্থ মুমিনুল।

চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান। টানা চার ইনিংসে ব্যর্থ হওয়ার পর দেশের বাইরে তার পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল শূন্য ও ১ রান। জোহানেসবার্গে ৯ উইকেটে হারের পর সেঞ্চুরিয়নেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫১ বল খেলে করেছেন ১৮ রান। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। সব মিলিয়ে দুই টেস্টের চার ইনিংসে ৪.৭৫ গড়ে তার সংগ্রহ ১৯ রান।

মুমিনুলের এই ব্যর্থতা অবশ্য দক্ষিণ আফ্রিকা সফরেই সীমাবদ্ধ নয়। বিদেশের মাটিতে দীর্ঘদিন ধরেই ধারাবাহিকতার অভাবে ভুগছেন। পরিসংখ্যানেও স্পষ্ট সেই চিত্র। দেশের বাইরে ৩৮ টেস্টের ৭৩ ইনিংসে তার সংগ্রহ ১ হাজার ৭১৯ রান, গড় ২৪.৯১। বিপরীতে দেশের মাটিতে ৪৫ টেস্টের ৮১ ইনিংসে করেছেন ৩ হাজার ৫৪৭ রান, গড় ৪৭.৯৩।

মুমিনুলের শেষ ১২ টেস্ট ইনিংসে নেই কোন ফিফটি। ওই সময় রান করেছিলেন ১৮ গড়ে।

অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার মুমিনুল। মুশফিকুর রহিমের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি তার। ঘরের মাঠে তার ব্যাটিং পরিসংখ্যান ঈর্ষণীয়। কিন্তু বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থ!

/টিই/