শিরোনাম

অস্ট্রেলিয়া সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করলো বিসিবি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করলো বিসিবি
২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শুক্রবার (৫ জুন) ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগের দিন বৃহস্পতিবার (৪ জুন) ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকার মধ্যে স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। বরাবরের মতো এবারও কোনো কাউন্টার বা বুথে টিকিট বিক্রি করা হবে না। দর্শকদের বিসিবির নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর জন্য আসনভেদে টিকিটের ভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারি এবং ৪০০ টাকায় নর্দান গ্যালারির টিকিট পাওয়া যাবে। একই মূল্যে অর্থাৎ ৪০০ টাকায় দর্শকরা খেলা দেখতে পারবেন শহীদ আবু সাঈদ স্ট্যান্ডেও। এছাড়া শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড সংবলিত ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। কিছুটা প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় কেনা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। মিরপুরে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ জুন; প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।

ওয়ানডে মিশন শেষে টি-টুয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে দুই দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ১৭, ১৯ ও ২১ জুন টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো প্রতিদিন দুপুর দুইটা থেকে শুরু হবে।

/এমএকে/