নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে কমিটি গঠন বিসিবির

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নারী ক্রিকেটারদের অভিযোগ শুনতে কমিটি গঠন বিসিবির
বিসিবি লোগো

নারী ক্রিকেটারদের সুরক্ষা এবং নিপরপদ পরিবেশ নিশ্চিতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির সুরক্ষা নীতিমালা ও অভিযোগ কমিটির নেতৃত্বে আছেন ব্যারিস্টার রাআশনা ইমাম।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। তখন নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন।

পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তিনি কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

কমিটির উল্লেখযোগ্য দিক হলো, এতে বিসিবিসংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। ফলে অভিযোগের তদন্তে বোর্ডের ভেতরের কারও প্রভাব বা স্বার্থের সংঘাতের আশঙ্কা এড়ানোর সুযোগ থাকবে।

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুযায়ী অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল বোর্ড।

/টিই/