শিরোনাম

ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে ভারত। জবাবে বাংলাদেশ ৮৮ রানেই গুটিয়ে যায়।

থাইল্যান্ডের ব্যাংককে লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। এরপর ঘটে ছন্দপতন। উইকেট পতনের মিছিলে যোগ দিতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। আর শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত থাকে। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ১৮ রান করেন শারমিন সুলতানা।

ভারতের সবচেয়ে সফল বোলার প্রেমা রাওয়াট। তিনটি উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা।

তার আগে ভারতের শুরুটাও ভালো হয়নি। দলীয় ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দল। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেন দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস। এসময় দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। তাতে বাড়তে থাকে দলীয় সংগ্রহ।

ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা। অন্যদিকে শেষ পর্যন্ত খেলে যান তেজাল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে খেলা তার এই ইনিংসটি তিনটি চার ও দুটি ছয়ে সাজানো।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফাহিমা খাতুন।

/টিই/