জাপানকে মাত্র ২ রানে হারালো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জাপানকে মাত্র ২ রানে হারালো ভারত
জাপানের অধিনায়ক কাদোওয়াকি ফ্লেমিং ও ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার

যুগে যুগে ক্রিকেট ইতিহাসে কত অঘটনই তো ঘটেছে। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সবচেয়ে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল জাপান। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের মনে ভয় ধরিয়েও জিততে পারলো না তারা অল্পের জন্য। ঐতিহাসিক ম্যাচে জাপানকে মাত্র ২ রানে হারালো ভারত।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ এই ম্যাচ। দুই দেশের প্রধানমন্ত্রীর চুক্তির ভিত্তিতে ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা হলো এই ম্যাচ দিয়ে।

টি-টোয়েন্টি হলেও ভেজা মাঠের কারণে ম্যাচ নেমে এসেছিল ৫ ওভারে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে জাপান ৪১তম দল। পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এটাই তাদের প্রথম ম্যাচ। সহযোগী সদস্যগুলোর মধ্যে শীর্ষ দলগুলোর সঙ্গেও নিয়মিত খেলার সুযোগ হয় না তাদের।

সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের মন্থর ও টার্নিং উইকেটে ভারত ৫ ওভারে করে ৪ উইকেটে ৩২ রান। জাপান ৩ উইকেটে করে ৩০ রান। স্পিন সহায়ক উইকেটে দুই দলই শুধু স্পিনার দিয়েই শেষ করে ৫ ওভার। দুই দলই বাউন্ডারি মারতে পারে মাত্র দুটি করে।

২ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠ অনুমিতভাবেই ভরে গিয়েছিল ম্যাচ শুরুর অনেক আগে। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ। তবে বৃষ্টির কারণে অপেক্ষার পর শেষ সময়ে গিয়ে ন্যূনতম ৫ ওভারের ম্যাচ নির্ধারিত হয়।

শেষ তিন বলে জয়ের জন্য জাপানের দরকার ছিল ৩ রান। তবে তিনটি সিঙ্গলের বেশি নিতে পারেননি জাপানের দুই ব্যাটসম্যান। কোনোরকমে জিতে স্বস্তিতে মাঠ ছাড়ে ভারতীয় দল। ১৬ রান করে ম্যাচসেরা হন ভারতীয় অধিনাক শ্রেয়াস।

/টিই/