শিরোনাম

টানা হারে হতাশ রাওয়ালপিন্ডি, কারণ খুঁজছেন রিজওয়ান

সিটিজেন ডেস্ক
টানা হারে হতাশ রাওয়ালপিন্ডি, কারণ খুঁজছেন রিজওয়ান
ছবি: ইএসপিন ক্রিক ইনফো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে নতুন দল রাওয়ালপিন্ডির শুরুটা একেবারেই ভালো হয়নি। তিন ম্যাচ খেলেও এখনো জয়ের মুখ দেখেনি দলটি। দলের হয়ে খেললেও আলো ছড়াতে পারেননি বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

টানা ব্যর্থতার পেছনে চোট সমস্যা ও ধারাবাহিকতার ঘাটতিকেই দায়ী করছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

শনিবার (৪ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে রাওয়ালপিন্ডি ১৫৭ রানের লক্ষ্য দাঁড় করায় ইসলামাবাদ ইউনাইটেডের সামনে। তবে প্রতিপক্ষ দলটি মাত্র ৩৪ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয়। এর আগে বড় সংগ্রহ গড়েও হারতে হয়েছে রাওয়ালপিন্ডিকে ১৯৮ রান করেও হেরেছে করাচি কিংসের কাছে, আর ২১৫ রান করেও পরাজয় বরণ করেছে পেশোয়ার জালমির বিপক্ষে।

টানা তিন হারের পর রিজওয়ান বলেন, সব ম্যাচেই হার মানা কোনো দলের জন্যই সহজ নয়। শেষ দুই ম্যাচে ব্যাটিং ভালো হলেও সর্বশেষ ম্যাচে পাওয়ার প্লেতে পরিকল্পনা অনুযায়ী শুরু করতে পারেননি তারা। তার মতে, প্রতিপক্ষের সুইং বোলিং শুরুতেই ধাক্কা দেয়, যার ফলে স্কোরবোর্ডে ২০-৩০ রান কম যোগ হয়।

রিজওয়ান মনে করেন, একটি জয়ই দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তার ভাষায়, একটি সমস্যা সমাধান করতে গেলেই অন্য জায়গায় ঘাটতি দেখা দিচ্ছে। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন একটি জয়, যা দলের আত্মবিশ্বাস ও ছন্দ ফিরিয়ে আনবে। তিনি বলেন, ভুলগুলো নিয়ে কাজ চলছে এবং দলকে ঘুরে দাঁড়াতে হলে সাহসী মানসিকতা দেখাতে হবে।

শুধু ব্যাটিং নয়, বোলিং নিয়েও চিন্তায় রয়েছে দলটি। বড় সংগ্রহ গড়েও বোলাররা ম্যাচ জেতাতে পারছেন না। এ ক্ষেত্রে পেসার নাসিম শাহ ও জামান খানের চোটকে বড় কারণ হিসেবে দেখছেন রিজওয়ান। তার মতে, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে, যদিও এটিকে অজুহাত হিসেবে দেখাতে চান না তিনি।

এদিকে, রিশাদ হোসেনও এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি। সর্বশেষ ম্যাচে একটি উইকেট পেলেও ৩ ওভারে দিয়েছেন ৩৬ রান। আগের দুই ম্যাচেও তার পারফরম্যান্স ছিল গড়পড়তা, ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য এবং ৪ ওভারে ৩৫ রান দিয়ে একটি উইকেট।

/এসএ/