শিরোনাম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি
বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সাথিরা জাকির জেসির। আসন্ন এ বৈশ্বিক টুর্নামেন্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে, সেখানে নতুন চার আম্পায়ারের অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তার নাম।

জেসির এ অর্জনের পাশাপাশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনন্য এক ধারাবাহিকতা বজায় রেখেছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এ নিয়ে টানা তৃতীয় আসরে ম্যাচ অফিশিয়ালদের পুরো প্যানেলটি গঠন করা হয়েছে শুধু নারীদের নিয়ে। বাংলাদেশের জেসির সঙ্গে এ আসরে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ক্যানডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন এবং কেরিন ক্লাস্টেরের।

১২ জুন থেকে শুরু হতে যাওয়া এ আসরের জন্য আইসিসি মোট ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি নির্ধারণ করেছে। ঘোষিত প্যানেলের ওপর আইসিসি কতটা আস্থা রাখছে তা স্পষ্ট, কারণ দায়িত্ব পাওয়া আম্পায়ারদের মধ্যে ৯ জনই গত ২০২৪ সালের আসরেও সফলভাবে ম্যাচ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তবে এবারের পুরো তালিকার মধ্যে অভিজ্ঞতায় সবাইকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। নারীদের ক্রিকেটে আম্পায়ারিংয়ের অন্যতম পরিচিত এ মুখ ইতোমধ্যে ছয়টি আসরে রেকর্ড ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।

আম্পায়ার প্যানেল:

লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস, গায়ত্রী বেনুগোপালন।

ম্যাচ রেফারি প্যানেল:

ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেরা।

/এমএকে/