বিরট কোহলির জন্মদিন আজ: জানুন তার ১০ বিশ্বরেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বিরট কোহলির জন্মদিন আজ: জানুন তার ১০ বিশ্বরেকর্ড
বিরাট কোহলি

৩৮ বছরে পা রেখেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছিলেন ‘ব্যাটিং মাস্টার’ হিসেবে পরিচিত শচীন টেণ্ডুলকরকে দেখে। তাকে আদর্শ মেনেই একটার পর একটা দিন নিজেকে ডুবিয়ে রেখেছেন ব্যাটে-বলের লড়াইয়ে।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর গত ১৮ বছরে ভারতীয় ক্রিকেটে অনবদ্য অবদান রেখেছেন তিনি। হয়ে উঠেছেন অন্যতম বড় ম্যাচ উইনার। কোহলির ৩৮তম জন্মদিনে এসে দেখা গেলো- নিজের আইডল শচীনের বহু অবিস্মরণীয় নজির ভেঙে দিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের রেকর্ড থেকে দ্রুততম ২৮ হাজার রান। রয়েছে একাধিক ঐতিহাসিক কীর্তি।

কোহলির এই বিশেষ দিনে চলুন দেখে নেওয়া যাক তার ক্যারিয়ারের এমন ১০টি রেকর্ড, যা ভাঙা যেকোনো ক্রিকেটারের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে।

একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড বিরাট কোহলির দখলে। এখন পর্যন্ত ৩১৮টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ভেঙেছেন সচিন টেন্ডুলকরের রেকর্ড। তার সেঞ্চুরির সংখ্যা ৪৯। বর্তমান ক্রিকেটে একদিনের ম্যাচের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে। তাই কোহলির এই রেকর্ডের কাছাকাছি পৌঁছনোও আগামী প্রজন্মের ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে।

আইপিএলের এক মৌসুমে সর্বাধিক রান

আইপিএলের ইতিহাসেও অনবদ্য রেকর্ড গড়েছেন বিরাট। ২০১৬ সালের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন তিনি। এখন পর্যন্ত আইপিএলের এক মৌসুমে এটিই সর্বোচ্চ রান। তার এই রেকর্ড দীর্ঘদিন ধরে অক্ষত রয়েছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল ছাড়াই উইকেট

ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল না করেই উইকেট নেওয়ার নজির রয়েছে তার। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কেরিয়ারে প্রথম বল করেন তিনি। সেটি ওয়াইড ছিল। কিন্তু সেই বলেই বড় শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কেভিন পিটারসন। সুযোগ বুঝে তাকে স্টাম্পড করেন উইকেটকিপার। এমন নজির আর দেখা যায়নি।

আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা

২০০৮ সালে আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ কেরিয়ারে একাধিক মৌসুম পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি বদল করেননি তিনি। আইপিএলের ইতিহাসে একই দলের হয়ে এত দীর্ঘ সময় খেলার নজির আর কারও নেই।

ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রান

একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ডও কোহলির ঝুঁলিতে। ২০৫টি ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। সচিন টেন্ডুলকরকে এই রান তুলতে লেগেছিলো ২৫৯টি ইনিংস। অর্থাৎ সচিনের তুলনায় ৫৪টি ইনিংস কম খেলে এই নজির গড়েন কোহলি।

টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিক দুইশো রান

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক ২০০ রান করার রেকর্ডও রয়েছে কোহলির দখলে। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে মোট ৭টি দুইশো রান করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার দখলে। তার ঝুলিতে ছিল ৫টি দুইশো রান।

একটি দলের বিরুদ্ধে সর্বাধিক একদিনের সেঞ্চুরি

ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ওডিআইতে এতোগুলি শতক হাঁকানোর রেকর্ড আর কারও নেই।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার

আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতার রেকর্ডও কোহলির দখলে। তিনি মোট ২২ বার প্লেয়ার অফ দ্য সিরিজের সম্মাননা পেয়েছেন। দীর্ঘ কেরিয়ারে টেস্ট, একদিনের এবং টি-টোয়েন্টি এই তিন ধরনের ক্রিকেটেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এমন সাফল্য পেয়েছেন তিনি।

তিনশ’র বেশি রান তাড়া করতে নেমে সর্বাধিক শতরান

কোহলিকে ম্যাচ উইনার এবং ‘চেজ মাস্টার’ বলা হয়। একদিনের ক্রিকেটে ৩০০ এর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোট ৯টি সেঞ্চুরি করেছেন তিনি। রান তাড়া করার সময় চাপের মুখে তার ব্যাটিং দক্ষতা এবং ম্যাচ শেষ করার ক্ষমতা কোহলিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

দ্রুততম ২৮ হাজার আন্তর্জাতিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করার রেকর্ডও কোহলির নামে। ৬২৪টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সচিন টেন্ডুলকরের দখলে। তিনি ৬৪৪টি ইনিংসে ২৮ হাজার রান করেছিলেন। সচিনের তুলনায় ২০টি ইনিংস কম খেলে রেকর্ড গড়েন তিনি।

/জেএইচ/