ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড

ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড
প্রতীকী ছবি

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘মেধাবৃত্তি’ ও ‘ভাইস-চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এসব পুরস্কার পাবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২ নভেম্বর অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের প্রথম সভায় শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি দেওয়া হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বর্ষের পরীক্ষার ফলাফলে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক এই বৃত্তির আওতায় আসবেন।

এ ছাড়া, চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

/এফআর/