ওয়ানডে ক্রিকেটে কোহলির নতুন রেকর্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে কোহলির নতুন রেকর্ড
বিরাট কোহলি

ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়াকে দারুণ অভ্যাসে পরিণত করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার আরও এক মাইলফলকে নিজের নাম লেখালেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩ নম্বর পজিশনে ব্যাট হাতে ১৩ হাজার রান পূর্ণ করার ঐতিহাসিক রেকর্ড গড়েছেন এ অভিজ্ঞ ডানহাতি ব্যাটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই এই বিশেষ কীর্তি গড়েন করেন ৩৭ বছর বয়সি কোহলি। অকল্যান্ডের ঐতিহ্যবাহী ইডেন পার্কে মাঠে নামার আগে এই রেকর্ডে পৌঁছাতে তার দরকার ছিল মোটে ১২ রান। স্বাগতিকদের দেওয়া ১৮৬ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের সপ্তম ওভারে নিজের খেলা ১৩তম বলে কাঙ্ক্ষিত রানে পৌঁছে যান তিনি।

৩ নম্বর পজিশনে নেমে ব্যাট হাতে কোহলির ধারাবাহিকতা কতটা ভয়াবহ, তা ফুটে ওঠে পরিসংখ্যান চোখ বোলালেই। মাত্র ২৫১ ইনিংসে ভর করেই তিনি পৌঁছে গেছেন ১৩ হাজারি ক্লাবে। এ পজিশনে তার ব্যাটিং গড় ৬১.৫৫। আছে ৪৮টি সেঞ্চুরি ও প্রায় ৭০টি ফিফটি।

এ তালিকায় কোহলির পেছনেই অবস্থান করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৩৩০ ইনিংসে করেছিলেন ১২ হাজার ৬৬২ রান। কোহলি ও পন্টিং ছাড়া এই পজিশনে ১০ হাজার রান স্পর্শ করার স্বাদ পাননি ওয়ানডে ইতিহাসের আর কোনো ব্যাটার।

তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, যার নামের পাশে ঝুলছে ৯ হাজার ৭৪৭ রান। এর পরেই চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস (৭ হাজার ৭৭৪ রান) এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন (৬ হাজার ৫০৪ রান)।

চলতি বছরজুড়েই ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে আছেন কোহলি। কিউইদের মুখোমুখি হওয়ার আগে ৯ ইনিংসে প্রায় ৬৯ গড়ে করেন ৫৫২ রান।

/এমএকে/