এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে দিলীপ আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে দিলীপ আগরওয়ালা
আদালত প্রাঙ্গণে দিলীপ কুমার আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা একটি মামলায় এবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। আর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন আসামি দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদূর রহমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিন করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে আনোয়ারুল কবীর বাবুল, জাকারিয়া হায়দারসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত দিলীপ কুমার আগরওয়ালার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি রোডস্থ মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী একটি মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এ ঘটনায় ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

/এফআর/