ফাঁসির কাষ্ঠ ছাড়া শেখ হাসিনার সামনে কোনো পথ খোলা নেই: আখতার হোসেন

রংপুর সংবাদদাতা
রংপুর সংবাদদাতা
ফাঁসির কাষ্ঠ ছাড়া শেখ হাসিনার সামনে কোনো পথ খোলা নেই: আখতার হোসেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গর্ব করে বলেছিলেন ‘শেখ হাসিনা পালায় না’, সেই কথা বলে তিনি পালিয়ে গেছেন। শেখ হাসিনা আসার যে কথা বলছেন, সেই কথা বলেও তিনি আসবেন না। কারণ শেখ হাসিনা আসলে একটাই পথ ফাঁসির কাষ্ঠ। ফাঁসির দিকে অগ্রসর হওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধেরপাড়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ভারত সরকার হাজার হাজার আওয়ামী সন্ত্রাসীদের ভারতে আশ্রয় দিয়েছে। সেই সব সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকর করতে সরকারকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার বিষয়টি শেখ হাসিনার সঙ্গে আলাপ-আলোচনার বিষয় নয়। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

এনসিপির এই নেতা বলেন, দেশের সম-সাময়িক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। চব্বিশের অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে গেছে এনসিপি। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে এখনো এনসিপি কাজ করবে। দেশকে গঠন করতে হলে আওয়ামী সন্ত্রাসী ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জায়গায় থেকে এনসিপি ঐক্যের কথা বলেছে এবং রূপরেখা প্রদানের জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, দেশের আপামর জনতার দাবি আছে, সেগুলো আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। তিনি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলে দেশের জনগণ উপকৃত হবে। সরকারের কাছে আহ্বান জানাই, গণভোটের গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়া দাঁড় করানো, গঙ্গা চুক্তি নবায়ন, একইসঙ্গে জুলাই যোদ্ধাদের পুর্নবাসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

/এসবি/