স্বর্ণের দামে ফের ধস, প্রতি গ্রামে কমলো ১৪ হাজার টাকারও বেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
স্বর্ণের দামে ফের ধস, প্রতি গ্রামে কমলো ১৪ হাজার টাকারও বেশি
স্বর্ণের বার ও কয়েন

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের মধ্যে স্বর্ণের বাজারে এ দরপতন দেখা গেছে। একই সঙ্গে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। এতে টানা দ্বিতীয় কার্যদিবসের মতো চাপের মুখে পড়েছে মূল্যবান এই ধাতুর দাম।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৪ ডলার ৩৬ সেন্টে দাঁড়ায় (অর্থাৎ প্রতি গ্রামে কমলো ১৪ হাজার ২০৮.৭৪ টাকা)।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের আগাম সরবরাহ চুক্তির দামও কমেছে। এদিন চুক্তিটির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৩ ডলার ১০ সেন্টে দাঁড়ায়।

দাম কমার পেছনে যেসব কারণ

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশের কথা রয়েছে। এসব তথ্য থেকে দেশটির মূল্যস্ফীতির গতিপ্রকৃতি এবং অর্থনীতির অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের সম্ভাব্য দিকও স্পষ্ট হতে পারে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, পিসিই মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হলে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমতে পারে। এতে মার্কিন ডলারের দর দুর্বল হওয়ার পাশাপাশি স্বর্ণের দাম আবারও বাড়ার সুযোগ তৈরি হবে। সে ক্ষেত্রে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে ৩ হাজার ৬৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

তবে মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হবে এবং স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে ৩ হাজার ৪০০ ডলারের দিকে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

সুদের হার নিয়ে কী ভাবছে বাজার

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা বাজারে পুরোপুরি প্রতিফলিত হয়েছে।

সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন আর্থিক সম্পদে বিনিয়োগ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে। অন্যদিকে সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।

চলতি বছরের শুরুর দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ কমেছে।

কমেছে রুপা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ২৩ দশমিক ৪ সেন্টে নেমেছে।

একই সময়ে প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৫১ ডলার ৭২ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৪৭ ডলার ৪৬ সেন্ট হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে পরিচালিত তদন্তের ফল শিগগির প্রকাশ করতে পারে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। তদন্তের পর বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। সূত্র: রয়টার্স

/এবি/