কোহলির সঙ্গে বন্ধুত্বের মাশুল দিচ্ছেন ডু প্লেসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
কোহলির সঙ্গে বন্ধুত্বের মাশুল দিচ্ছেন ডু প্লেসি
বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির দাবি করেছেন, তার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্কের নাম বিরাট কোহলি। তবে এখানে কোনো রোমাঞ্চকর প্রেমের গল্প নেই, আছে বন্ধুত্ব আর এক বিলাসী নেশার অদ্ভুত টান। আর সেই নেশার বিষয়বস্তু হলো দামি সব ঘড়ি।

ক্রিকইনফোর এক আড্ডায় পেসার ডেল স্টেইনের সঙ্গে কথা বলার সময় ডু প্লেসি এ মজার তথ্য ফাঁস করেন।

কোহলির ঘড়িপ্রীতি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই। এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!’ কোহলির এত ঘড়ি দেখে ডেল স্টেইনের মনে হয়েছিল, ক্রিকেট দুনিয়ার মহাতারকা হিসেবে হয়তো ব্র্যান্ডগুলো থেকে এগুলো তিনি উপহার হিসেবেই পান। তবে ডেল স্টেইনের সেই ধারণাকে উড়িয়ে দিয়ে ডু প্লেসি বলেন, ‘না, না, সে নিজেই কেনে!’

সুইজারল্যান্ডের নামী দামি ব্র্যান্ডের ঘড়ির বিশাল এক সংগ্রহ রয়েছে কোহলির ঝুলিতে। রোলেক্স থেকে শুরু করে পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে কিংবা পানারাই- কী নেই সেখানে! কোহলি কোথাও ঘুরতে গেলে বা ছবি পোস্ট করলেই ঘড়ির ভক্ত-সমালোচকদের শুরু হয়ে যায় চুলচেরা বিশ্লেষণ। আর কোহলির এ ঘড়ির নেশার খেসারত দিতে হয়েছে খোদ ডু প্লেসিকেই। আগে ঘড়ির পেছনে এত টাকা খরচের ব্যাপারটি তার কাছে সম্পূর্ণ অর্থহীন মনে হলেও কোহলির সান্নিধ্যে এসে সেই ধারণাই বদলে গেছে। এখন নিজের সিদ্ধান্তের কথা ভেবে আফসোসের করেন তিনি। ডু প্লেসির কথায়, ‘একটা সময় আমার মনে হতো, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করা যায় নাকি! এরপর আমার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক তৈরি হলো ওর সঙ্গে। কারণ, ও আমাকে এমন সব ঘড়ি কিনিয়েছে, যেগুলো আমার কোনো দিনই কেনা উচিত হয়নি। কখনোই না, কখনোই না, কখনোই না!’

ক্রিকেট মাঠের বাইরে দুজনের রসায়ন বেশ জমাট। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন তারা। মজার বিষয় হলো, কোহলিকে সরিয়েই একসময় দলটির নেতৃত্ব দেওয়া হয়েছিল ডু প্লেসিকে। এরপর ২০২৫ মৌসুমে তিনি পাড়ি জমান দিল্লি ক্যাপিটালসে। তবে সবশেষ ২০২৬ সালের আইপিএলে নিলামে নিজের নাম তোলার সিদ্ধান্ত থেকে বিরত থাকেন এ প্রোটিয়া ব্যাটার।

/এমএকে/