আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ
জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে হওয়া আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পান তিনি। ফলে আগামী দুই বছর তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্ব দেবেন।

জানা গেছে, আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে জয় শাহর পুনর্নিয়োগ চূড়ান্ত হয়। ক্রিকেটের বৈশ্বিক বিস্তার, সমর্থকগোষ্ঠী বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে তার নেতৃত্বের ওপর আস্থা রেখেছে বোর্ড। ফলে ৩৮ বছর বয়সী জয় শাহের বিপক্ষে চেয়ারম্যান পদে আর কেউ প্রার্থী হননি। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ।

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রত্যাবর্তনকে বড় সুযোগ হিসেবে দেখছেন জয় শাহ। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শকদের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।

জয় শাহ মনে করেন, শুধু সফল টুর্নামেন্ট আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয়। খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় নিয়ে ক্রিকেটের জন্য শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

এর আগে, ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তখন তার বয়স ছিল ৩৫ বছর। তিনিই এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আইসিসির গুরুত্বপূর্ণ অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির প্রধান হিসেবেও কাজ করেছেন।

দ্বিতীয় মেয়াদে আইসিসির দায়িত্ব পাওয়ায় জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুহলানিও।

/এফআর/