আগুন-সন্ত্রাস করে বাংলাদেশকে ভারতের দাস বানাতে চায় আ.লীগ: দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগুন-সন্ত্রাস করে বাংলাদেশকে ভারতের দাস বানাতে চায় আ.লীগ: দুদু
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু

আওয়ামী লীগ বিদেশে বসে আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আগুন দিয়ে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না, ভারতের দাসত্ব চায়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে দুদু এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে সারাদেশে অরাজকতা সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দলটি বিরোধী দলে থাকলেও আগুন দেয়, সরকারে থাকলেও আগুন দেয়। শেখ হাসিনা তিনবার গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশের অস্তিত্ব বিপন্ন করেছিলেন। তখন বেগম খালেদা জিয়া আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদের পরাজয় হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না। গোপালগঞ্জে ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। এভাবে তারা নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করছে।

দুদু বলেন, আপনাদের নেত্রী পালিয়েছেন। কিন্তু আপনাদের লোকজন তো এখনো দেশের মধ্যে আছে। যারা লুটেরা, যারা খুনি, যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তারা হয়তো পালিয়েছেন। কিন্তু আপনাদের নিরীহ কিছু কর্মী তো দেশে আছেন, ব্যবসা করছেন, বাড়িঘরে আছেন। আপনারা ভারতে বসে যা করছেন, তাতে আগুন দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশ আপনারা চান না; ভারতের দাসত্ব চান।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। একইভাবে হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে। আগামী দিনেও ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশকে রক্ষা করতে হবে।

/এফআর/