জলাবদ্ধতা কমাতে রাজধানীর কোনাপাড়া-কদমতলা খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জলাবদ্ধতা কমাতে রাজধানীর কোনাপাড়া-কদমতলা খাল খনন শুরু
খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামসহ অন্যরা

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং মশার বংশবিস্তার রোধে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির নিজস্ব অর্থায়নে প্রায় দুই মাস ধরে চলবে এ কার্যক্রম। এতে খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও কাদামাটি অপসারণ করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করা হয়।

ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই খালটি কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত। ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।

কর্মসূচির আওতায় খালের বর্জ্য ও স্লাজ অপসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বাড়াতে খালের দুই পাড়ে গাছ লাগানো হবে। পুরো কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিকদের সহযোগিতা চেয়ে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, খাল পরিষ্কার ও খননের কাজ ঠিকভাবে হচ্ছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের নজরদারি করতে হবে। কাজে কোনো গাফিলতি দেখলে সিটি করপোরেশনকে জানাতে হবে।

অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও সেসব কাজ কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

খাল পরিষ্কারের পর সেটি যেন আবার দখল না হয় এবং কেউ যেন খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রশাসক। তিনি বলেন, সরকারি সম্পদ মূলত জনগণেরই সম্পদ। এর সুফল যেমন জনগণ ভোগ করে, তেমনি অব্যবস্থাপনার ক্ষতিও সবার ওপর পড়ে। তাই খাল রক্ষা ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নাগরিকদেরও নিতে হবে।

এ সময় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকেও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে দ্রুতই ঢাকার সামগ্রিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন প্রশাসক।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির আওতাধীন শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/