যুদ্ধ পুরোপুরি না থামলে পারমাণবিক স্থাপনায় পরিদর্শন বন্ধ: ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
যুদ্ধ পুরোপুরি না থামলে পারমাণবিক স্থাপনায় পরিদর্শন বন্ধ: ইরান
ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনা

যুদ্ধাবস্থার স্থায়ী অবসান, কূটনৈতিক সমঝোতা এবং যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান। রবিবার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী এ কথা জানিয়েছেন।

সাক্ষাৎকারে কাজেম গরিবাবাদী বলেন, পরিদর্শন পুনরায় শুরু করার মতো প্রয়োজনীয় নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আইএইএ-র সঙ্গে পারমাণবিক সহযোগিতার বিষয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

তিনি জানান, হামলাগুলোর আগেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আইএইএ-এর নজরদারিতেই ছিল এবং সংস্থাটি তাদের বৈশ্বিক পরিদর্শনের একটা বড় অংশ ইরানেই চালাত। নিয়ম মেনে ইরানের যেসব স্থাপনার তথ্য জানানোর কথা ছিল, তার সবই সংস্থাটিকে জানানো হয়েছে এবং সেগুলো তাদের পরিদর্শকদের পর্যবেক্ষণেই রয়েছে। ১২ দিন ও ৪০ দিনের আগ্রাসী যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো মার্কিন-ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পারমাণবিক স্থাপনা সুরক্ষার আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। হামলার শিকার স্থাপনাগুলো আইএইএ-এর তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও সংস্থাটির মহাপরিচালক যথাযথ ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন গরিবাবাদী।

স্থাপনাগুলোতে আবারও ঢোকার অনুমতি চেয়ে সংস্থাটি যে দাবি তুলেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ইরানের এই কূটনীতিক। তিনি বলেন, সংস্থাটিকে আগে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নতুন করে হামলার ঝুঁকিসহ নিরাপত্তার দিকগুলো খতিয়ে দেখতে হবে। ইরানি পরমাণু বিজ্ঞানীদের তথ্য কীভাবে সন্ত্রাসীদের হাতে পৌঁছাল, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সংস্থাটির যেকোনো অনুরোধ ও কর্মকাণ্ড যাচাইয়ের ক্ষেত্রে ইরানকে আরও সতর্ক থাকতে হবে বলে মত দেন। তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির যে অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে করে আসছে, তা পুরোপুরি নাকচ করে দিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, গত তিন থেকে চার দশকে এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

ইরান এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এ চুক্তিতে থাকা আর আইএইএ-কে প্রবেশাধিকার দেওয়া এক বিষয় নয়। এনপিটি-র শর্তগুলো একতরফা নয়, বরং অন্য দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। তার মতে, যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আক্রান্ত হচ্ছে এবং নিরাপত্তার উদ্বেগগুলো কাটছে না, তখন তেহরান একা তার প্রতিশ্রুতি পালন করে যাবে- এমনটা আশা করা ঠিক নয়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/