শিরোনাম

পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

নিজস্ব প্রতিবেদক
পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
দ্বিতীয় ইনিংসেও শান্ত-মুমিনুল ভালো জুটি গড়েন।

মিরপুর টেস্টে সোমবার (১১ মে) বৃষ্টিতে বন্ধ ছিল খেলা, তাতে নষ্ট হয় পুরো এক সেশন। পরে খেলা শুরু হলেও আলোক-স্বল্পতায় দিনের খেলা শেষ হলো আগেই। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ৩ উইকেটে ১৫২ রান। তাতে বাংলাদেশের লিড ১৭৯ রানের।

নাজমুল হোসেন শান্ত ৫৮ রান ও মুশফিকুর রহিম ১৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয়েছে ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।

টেস্টের চতুর্থ দিন (সেমবার) দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। দুই ওপেনারকে দ্রুত হারালেও নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ফিফটি ছোঁয়া ইনিংসে দিন শেষে ভালো অবস্থানে আছে স্বাগতিকরা।

মাহমুদুল হাসান জয় ২৬ বলে ৫ রান করে ফেরেন। তাকে এলবিডব্লিউর ফাদে ফেলেন মোহাম্মদ আব্বাস। সাদমান ইসলামকে (১০) আউট করেন হাসান আলী। এরপর তৃতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়েন মুমিনুল ও শান্ত।

শাহিন আফ্রিদি মুমিনুল ফেরালে জুটি ভাঙে। ১২০ বলে ৫৬ রান করেন মুমিনুল। তার ইনিংসে ছিল ৪টি চার। ফিফটি করার পথে অবশ্য মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে ৫ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি। আজকেরটি সহ শেষ ৫ ইনিংসে মুমিনুলের রান- ৮২, ৬৩, ৮৭, ৯১, ৫৬।

বাকি সময়টা কাটিয়ে দেন শান্ত ও মুশফিক। ফলে পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট।

/টিই/