বাংলাদেশকে খেলতে ডেকে মাঠেই আসেনি চীন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে খেলতে ডেকে মাঠেই আসেনি চীন
অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল

এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি আয়োজনের অনুরোধ এসেছিল চীনের পক্ষ থেকেই। কিন্তু বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়ে মাঠে উপস্থিত হয়নি চীনের দল। ফলে প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত ভেন্যুতে পৌঁছে দীর্ঘ সময় চীনা দলের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিপক্ষ না আসায় শেষ পর্যন্ত ম্যাচের পরিবর্তে নিয়মিত অনুশীলন সেশন করেন নিগার সুলতানা জ্যোতিরা।

বাংলাদেশ দলের টিম ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেন, ‘আমরা খুব সকালে মাঠে গিয়ে ওদের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু শেষ পর্যন্ত ওরা না আসায় আমরা নিয়মিত অনুশীলন পর্ব শেষ করে হোটেলে ফিরে আসি।’

এর আগে কোয়ার্টার ফাইনালেও চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ভেজা মাঠের কারণে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) ফাইনালে ওটার লড়াইয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

/টিই/