লংমার্চকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
লংমার্চকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ‘লংমার্চকারীদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ইকান্দি ফেরিঘাট থেকে কোনাঘাট পর্যন্ত অংশের নির্মাণ কাজ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।’

সরকার দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অথচ এসব উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা চলছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক মাঠে বিচরণ ও বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের ভৌত ও অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/