শিরোনাম

নাহিদ রানার তোপে ১৪১ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নাহিদ রানার তোপে ১৪১ রানে থামলো জিম্বাবুয়ের ইনিংস
শুরুতেই উইকেট নেয়ায় তাসকিন আহমেদকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংসসহ হারের তিক্ত স্মৃতি ভুলে ওয়ানডে সিরিজের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতি তারকা নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানেই গুটিয়ে দিয়েছে টাইগাররা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে বাংলাদেশের এখন প্রয়োজন মাত্র ১৪২ রান।

সোমবার (৬ জুলাই) হারারেতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি টাইগার পেসাররা। ইনিংসের শুরুতেই স্বাগতিক শিবিরে জোড়া আঘাত হানেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। ব্রায়ান বেনেটকে ১৭ রানে ফিরিয়ে শুরুর জুটি ভাঙার পর জিম্বাবুয়ের টপ অর্ডারকে বেশ চাপে ফেলে দেন তিনি। এরপর সেট হতে যাওয়া বেন কারান ১৮ রানে রানআউটের শিকার হলে গভীর সংকটে পড়ে রোডেশিয়ানরা।

ম্যাচের মূল আকর্ষণ ছিলেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। তার এক্সপ্রেস গতি ও নিখুঁত লাইন-লেন্থের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের মিডল অর্ডার। জিম্বাবুয়ের দুই নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজাকে দ্রুত ফিরিয়ে স্বাগতিকদের মেরুদণ্ড ভেঙে দেন রানা। ওয়েসলি মাধেভেরেও কোনো রান করার আগেই রানার শিকার হয়ে সাজঘরে ফেরেন। নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করে মাত্র ২১ রান খরচায় ৬টি মূল্যবান উইকেট লুফে নেন নাহিদ রানা, যার মধ্যে দুটি ওভার ছিল মেইডেন। ওয়ানডে ক্রিকেটে এটিই এই তরুণ তুর্কির ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স।

টপ ও মিডল অর্ডার ধসে পড়ার পর জিম্বাবুয়ের পক্ষে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লোয়ার অর্ডারের নিউম্যান নিয়ামুরি। তিনি দলের পক্ষে ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। শেষদিকে জিম্বাবুয়ের নতুন ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা ২৭ রান করে দলের সংগ্রহকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। এছাড়া ওপেনার ইনোসেন্ট কাইয়া করেন ২৬ রান। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৬.৪ ওভারে ১৪১ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে নাহিদ রানার ৬ উইকেট ছাড়াও তাসকিন আহমেদ ৩২ রানে ২টি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২২ রানে ১টি উইকেট নেন।

/এমএকে/