শিরোনাম

এশিয়ান গেমস: ছোট বিছানা নিয়ে দক্ষিণ কোরিয়ার অভিযোগ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস: ছোট বিছানা নিয়ে দক্ষিণ কোরিয়ার অভিযোগ
ছোট বিছানা (প্রতীকী ছবি)

চলতি সপ্তাহে জাপানে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থাকে ‘সবচেয়ে বাজে’ বলে অভিযোগ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এশিয়ান গেমসের জন্য শিপিং কনটেইনারের আদলে তৈরি কেবিনের বিছানা এতটাই ছোট যে খেলোয়াড়রা পুরোপুরি পা মেলে শুতে পারছেন না বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল কর্মকর্তারা।

খরচ কমানোর লক্ষ্যে এবারের গেমসে কোনো নির্দিষ্ট অ্যাথলেট ভিলেজ রাখা হয়নি। এর পরিবর্তে আয়োজকরা একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কেবিন এবং বিভিন্ন হোটেলের ওপর নির্ভর করছেন।

নাগোয়া শহর ও আইচি প্রিফেকচারে আয়োজিত এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হবে। তবে ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

দক্ষিণ কোরিয়া বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জুং জে-ইয়ং এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ‘আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ব্যবস্থা। দুই মিটারের বেশি লম্বা খেলোয়াড়রা বিছানায় পা পর্যন্ত মেলে শুতে পারেন না। এটা কোনোভাবেই যুক্তিসংগত নয়।’

দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দলের সদস্য বিয়ন জুন-হিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তার কেবিনের চুইয়ে পড়া পানির কল এবং পানিতে ভেজা মেঝে দেখা যায়।

গত সপ্তাহে নাগোয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সময় কয়েক শ খেলোয়াড়কে তাদের আবাসন থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। এশিয়ান গেমসে ১৭ হাজারের বেশি খেলোয়াড় ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা, যা অলিম্পিক গেমসের তুলনায়ও বেশি।

এদিকে ইতালির ক্রুজ জাহাজ কোস্টা সেরেনা মঙ্গলবার নাগোয়ায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে ৪ হাজার থেকে ৫ হাজার খেলোয়াড় থাকবেন।

/টিই/