শিরোনাম

নেইমারকে ২ মাসের আল্টিমেটাম দিলেন ব্রাজিল কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
নেইমারকে ২ মাসের আল্টিমেটাম দিলেন ব্রাজিল কোচ
নেইমার। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। ব্রাজিল দলে নেইমার থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবার যে কথা বলেছেন তাতে নেইমারের জাতীয় দলে ফেরার আশার পালে নতুন করে হাওয়া লেগেছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাত দিয়ে জানা গেছে, আনচেলত্তি সরাসরি বলেছেন, ‘তার কাছে (নেইমার) দুই মাস আছে প্রয়োজনীয় গুণ দেখানোর।’ তবে তিনি এটাও জানিয়েছেন, তার চোখে নেইমারের ফর্মে ফেরাটা বেশ ভালো হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে নেইমার জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামেননি। ক্লাব ফুটবলে ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।

সাম্প্রতিক সময়ে ক্লাব সান্তোসের হয়ে অবশ্য ভালোই করছেন নেইমার। চলতি মৌসুমে লিগে ৪ ম্যাচ খেলে ৩টি গোল করে ফেলেছেন তিনি। আনচেলত্তিও বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, নেইমার নিজের পুরনো ছন্দে ফেরার সামর্থ্য রাখেন।

এই বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বড় মঞ্চ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ব্রাজিলের গ্রুপে আছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

নেইমার বিশ্বকাপের দলে ফিরতে না পারলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে।

/টিই/