শিরোনাম

চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

সিটিজেন ডেস্ক
চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে নিজেদের নির্বাচনী ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

জামায়াতের আমির বলেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন (দুদক), পিএসসি ও গণভোটের মতো মানুষের জীবন, নিরাপত্তা এবং ফ্যাসিবাদ ঠেকানোর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি গায়ের জোরে বাতিল করে দিয়েছে। তারা বিচার মানে কিন্তু তালগাছ ছাড়বে না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে এসব পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দলটি মূলত ফ্যাসিবাদের পক্ষেই শক্ত অবস্থান নিয়েছে।

এর প্রতিবাদে তারা এক মুহূর্তও সংসদে না থেকে তাৎক্ষণিকভাবে ঘৃণাভরে ওয়াকআউট করেছেন বলে জানান তিনি। ডা. শফিকুর রহমানের দাবি, অন্তর্বর্তী সরকার যেসব সংশোধনের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, সেগুলো এড়িয়ে গিয়ে বিএনপি পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও বলেন, আগামী দিনে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন এবং জনগণের বিজয় নিশ্চিত হবে; তাই সেই চূড়ান্ত আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলাই সনদ উপেক্ষা করছে উল্লেখ করে তিনি এর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সংবিধান যদি জনগণের জন্য হয়, তবে জনগণের ম্যান্ডেট মেনেই সংবিধানের সংস্কার করতে হবে।

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং স্বাগত বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এছাড়া সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

/এমএকে/