শিরোনাম

‘বিয়ন্ড বাংলা’ নিয়ে নতুন ইনিংস সাকিবের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘বিয়ন্ড বাংলা’ নিয়ে নতুন ইনিংস সাকিবের
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। ক্রিকেটে নিজের অবস্থান আগেই তৈরী করেছেন তিনি। ক্রিকেটের বাইরে অন্য ক্ষেত্রেও যুক্ত হতে দেখা গেছে তাকে। এবার সাকিব শুরু করতে যাচ্ছেন নিজস্ব সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’। ডিজিটাল প্লাটফর্ম বিয়ন্ড বাংলার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব।

এই উদ্যোগে সাকিবের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও খ্যাতিমান সাংবাদিক জুলফিকার রাসেল। প্ল্যাটফর্মটির সম্পাদকের গুরুদায়িত্ব পালন করবেন তিনি। ‘বাংলা ট্রিবিউন’ এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলফিকার রাসেল।

সাকিব এ বিষয়ে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার কাছে মনে হয়, খবরগুলো নানাভাবেই উপস্থাপিত হয়। অনেক সময় সঠিক খবরটা পৌঁছায় না। সঠিক নিউজটা যেনো মানুষের কাছে পৌঁছায়, সেই জায়গা থেকে যদি কিছু করা যায়, সেরকমই একটা চিন্তা বলতে পারেন। মানে খবরের ভেতরের খবরটা যেন মানুষ জানতে পারে।’

সাকিব ও জুলফিকার রাসেলের সম্পূর্ণ অনানুষ্ঠানিক এক আড্ডা থেকেই এই যাত্রার সূচনা। সাকিব শোনালেন সেই গল্পও, ‘অনেকদিন ধরে নয়, অল্প কিছুদিন ধরে এরকম চিন্তা আসলে চলছে। আলাপ-আলোচনা করতে গিয়েই এমন পরিকল্পনা মাথায় এসেছে।’

গীতিকার এবং অভিজ্ঞ সাংবাদিক জুলফিকার রাসেল ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের স্বাগত সঙ্গীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটির রচয়িতা ছিলেন।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে এর পরীক্ষামূলক সম্প্রচার বা ‘টেস্ট রান’। ‘বিয়ন্ড বাংলা’ তে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কনটেন্ট প্রকাশের সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে।

সাংবাদিক জুলফিকার জানান, বিয়ন্ড বাংলা পরিচালিত হবে যুক্তরাষ্ট্রে বসে। এর মূল অফিস যুক্তরাষ্ট্রে, বাংলাদেশ হবে ব্যুরো অফিস।’

/টিই/