শিরোনাম

ডরিয়েল্টন-সৌরভে প্লেঅফে বসুন্ধরা-মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
ডরিয়েল্টন-সৌরভে প্লেঅফে বসুন্ধরা-মোহামেডান
হ্যাটট্রিক করেছেন ডরিয়েলটন গোমেজ। ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপে মঙ্গলবার (২১ এপ্রিল) ‘বি’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। মোহামেডান ও বসুন্ধরা কিংস নিজ নিজ ম্যাচে জিতেছে। এই জয়ে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ক্লাব দুটি। মোহামেডানের সৌরভ ও কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন হ্যাটট্রিক করেন।

‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল পুলিশ। ৫ পয়েন্ট ছিল বসুন্ধরা কিংস, মোহামেডান ও ফর্টিস এফসির। পরের পর্বে ওঠার হাতছানি ছিল সবার সামনেই। শেষ পর্যন্ত সমান ৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে বসুন্ধরা কিংস গ্রুপসেরা আর মোহামেডান রানার্সআপ হয়েছে।

পারিশ্রমিক না পাওয়ায় লিগের ম্যাচে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলাররা খেলেননি। তবে ফেডারেশন কাপে ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ খেলেছেন, তিনিই জিতিয়েছেন কিংসকে। বসুন্ধরা কিংস ৪-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে পুলিশ এফসির বিপক্ষে। ডরিয়েলটন একাই করেছেন চার গোল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৩৫ মিনিটে বক্সে ইউসুফের হাতে বল লাগলে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি পুলিশের ফরোয়ার্ড পাওলো এনরিক। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে ঢুকে পড়া ফয়সাল আহমেদ ফাহিমকে ইসমাইল ফাউল করলে পেনাল্টি থেকে ডরিয়েলটন গোল করেন।

৫২ মিনিটে রাকিব হোসেনের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ডরিয়েলটন। আরও দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ৩০ মিনিট পর রাকিবের আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দিকে চতুর্থ গোল করেন তিনি। ম্যাচের যোগকরা সময়ে এক গোল শোধ দেয় পুলিশ এফসি।

একই দিনে ময়মনসিংহের ভাষা শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ৪-০ তে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ৩৬ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় সাদা-কালো জার্সি ধারীরা। দ্বিতীয়াধে হ্যাটট্রিক করেন সৌরভ দেওয়ান। ম্যাচের ৭৬, ৮৩ ও ৮৯ মিনিটে গোল করেন সৌরভ।

/টিই/