শিরোনাম

পরীক্ষা কেন্দ্রে এমপির লাইভ, মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা

কুমিল্লা সংবাদদাতা
পরীক্ষা কেন্দ্রে এমপির লাইভ, মন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা
পরীক্ষা চলাকালে কেন্দ্রে ঢুকে ফেসবুক লাইভ করেন কুমিল্লা-২ আসনের এমপি। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার (২১ এপ্রিল)। প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ ঘটনায় পাবলিক পরীক্ষা আইনের প্রয়োগ ও বাস্তবতা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

আইন অনুযায়ী পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও পরীক্ষা কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিষয়টি নিয়ে চূড়ান্ত ও স্পষ্ট নির্দেশনার জন্য শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লার হোমনায় একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ফেসবুকে লাইভ করেন এমপি সেলিম ভূঁইয়া। ফেসবুক লাইভে দেখা যায়, সকাল ১০টা ১০ মিনিটে সংসদ সদস্য তার ব্যক্তিগত আইডি থেকে সরাসরি সম্প্রচার শুরু করেন। প্রায় ৯ মিনিটের ওই ভিডিওতে তাকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বিভিন্ন পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেখা যায়। কক্ষে ঢুকে তিনি পরীক্ষার্থীদের বেঞ্চের সামনে গিয়ে প্রশ্নপত্র সহজ হয়েছে কি না- তা জানতে চান এবং ইশারা-অঙ্গভঙ্গির মাধ্যমে শিক্ষার্থীদের নানা নির্দেশনা দিতে থাকেন।

এর আগে ১২ এপ্রিল ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্থানীয় সংসদ সদস্যরা হল পরিদর্শনে যেতে পারবেন না।

/টিই/