শিরোনাম

দেশে ফিরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলান্ডরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
 দেশে ফিরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলান্ডরা
দেশে ফেরার পর বীরোচিত সম্মান দেওয়া হয় নরওয়ে দলকে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও বীরের মর্যাদায় দেশে ফিরেছে নরওয়ে ফুটবল দল। দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করে কোটি ভক্তের হৃদয় জয় করা দলটিকে বরণ করতে রাজধানী অসলোর রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। ট্রফি অধরা থাকলেও ঐতিহাসিক এ সাফল্যকে উদযাপন করতে রাজপ্রাসাদের সামনে জড়ো হন হাজারো সমর্থক, যেখানে উৎসবের আমেজে ভেসেছে গোটা দেশ।

সোমবার (১৩ জুলাই) দেশে ফেরার পরপরই নরওয়ে দলকে দেওয়া হয় ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট। বিমানবন্দর থেকে খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিয়ে একটি খোলা ছাদের বাস শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার সমর্থক হাত নেড়ে এবং পতাকা উড়িয়ে ফুটবলারদের অভিনন্দন জানান। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রীষ্মের কড়া রোদ উপেক্ষা করে অসলোর রাস্তায় প্রায় এক লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। এরপর নরওয়ের রাজা হ্যারাল্ডের আমন্ত্রণে রাজপ্রাসাদে যান ফুটবলাররা। সেখানে রাজপরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বারান্দায় এসে ভক্তদের অভিনন্দনের জবাব দেন খেলোয়াড়েরা।

অতিরিক্ত সময়ে ২-১ গোলে ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভাঙলেও নরওয়ের এ বিশ্বকাপ যাত্রা দেশটির ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে ঐতিহাসিক এ উদযাপনের শেষ ভাগে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা আরলিং হলান্ডকে। দলের প্রধান কোচ স্টল সোলবাকেন জানান, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে বিমান ছাড়তে চার ঘণ্টা দেরি হওয়ায় হলান্ড ও সান্দের বের্গেকে নির্ধারিত অন্য একটি ফ্লাইট ধরার জন্য অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যেতে হয়েছিল। তবে তাদের অনুপস্থিতি সত্ত্বেও উৎসবের আমেজে কোনো কমতি ছিল না। বিশ্বকাপ জেতা না হলেও বীরোচিত এ সংবর্ধনা নরওয়ে ফুটবল দলের জন্য এক অনন্য অর্জন হয়ে থাকবে।

/এমএকে/