শিরোনাম

কেইনের হাতে শিরোপা দেখতে চায় হোয়াইট হাউস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেইনের হাতে শিরোপা দেখতে চায় হোয়াইট হাউস
অনুশীলনে ইংল্যান্ড দল

চলতি ফুটবল বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের এই অপ্রত্যাশিত বিদায়ে যখন শিরোপার লড়াই জমে উঠেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রকাশ্য সমর্থন পেয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড। আমেরিকার বিদায়ের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থ্রি লায়ন্সদের বিশ্বজয়ের ওপরই বাজি ধরছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের এই বছরে আমেরিকার মাটিতে ইংলিশদের শিরোপা জয়কে একটি চমৎকার সমাপ্তি হিসেবে দেখছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বাগতিক হিসেবে মার্কিন দল ট্রফি জিততে না পারলেও, ইংল্যান্ড যদি আমেরিকার মাটিতে গত ৬০ বছরের আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তা হবে একটি দারুণ মুহূর্ত। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, টুর্নামেন্টে টিকে থাকা পরাশক্তিগুলোর মধ্যে ইংলিশদের ফাইনালে যাওয়ার এবং চ্যাম্পিয়ন হওয়ার সব ধরনের সামর্থ্য রয়েছে।

ইংল্যান্ড দলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এ আগ্রহের নেপথ্যে রয়েছে দলটির অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেইনকে একজন দারুণ খেলোয়াড় এবং চমৎকার মানুষ হিসেবেও প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জুলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত কেইনের পারফরম্যান্সের খোঁজখবর রাখেন। তার মতে, জুড বেলিংহামের মতো তরুণ প্রতিভা এবং কেইনের অভিজ্ঞতার মিশেলে গড়া ভারসাম্যপূর্ণ এই দলটির এবার বিশ্বজয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।

হোয়াইট হাউসের এই অপ্রত্যাশিত সমর্থনের আবহে ট্রাম্পের সঙ্গে গলফ খেলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অধিনায়ক হ্যারি কেইন নিজে। তিনি জানান, ২০২৪ সালের শেষের দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণে তিনি তার সঙ্গে গলফ খেলেছিলেন। এটি তার জীবনের অন্যতম এক মুহূর্ত ছিল। তৎকালীন ৭৮ বছর বয়সী ট্রাম্পের চমৎকার গলফ খেলার দক্ষতার প্রশংসা করেন কেইন। তিনি রসিকতা করে বলেন, ট্রাম্পের বয়সে পৌঁছে এমন দারুণ গলফ খেলতে চান এ ইংলিশ তারকা ফুটবলার। চলমান টুর্নামেন্টে হোয়াইট হাউসের এমন খোলাখুলি সমর্থন নিশ্চিতভাবেই মাঠের লড়াইয়ে ইংলিশদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

/এমএকে/