শিরোনাম

আজ দেশের যেসব জেলায় পালিত হচ্ছে ঈদ

নিজস্ব প্রতিবেদক
আজ দেশের যেসব জেলায় পালিত হচ্ছে ঈদ
সৌদি আরবের সেঙ্গ মিল রেখে রাজধানী ঢাকায় ঈদ উদযাপন, ২৭ মে ২০২৬, বুধবার। ছবি: তানভীর আলিফ

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল ২৮ মে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সংযোগ করে এই তারিখ নির্ধারণ করে ইসলামিক ফাউন্ডেশন। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর দেশের বিভিন্ন জেলায় রোজা ও ঈদ পালিত হয়। এবারও ধর্মীয় মতপদ্ধতির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩টি গ্রামের মানুষ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

জানা গেছে, উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া, কোনাবাড়াসহ ২৩ গ্রামের মানুষ প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন।

এছাড়াও আজ ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

মঙ্গলবার (২৬ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ডহরশংকর গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

২০১১ সাল থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন বলে জানান তিনি।

অন্যদিকে ভোলার সাতটি উপজেলার অন্তত ১০টি গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন বিভিন্ন দরবারের প্রায় ১০ হাজার অনুসারী।

জানা গেছে, ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এছাড়াও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামের মুসল্লিরা।

দীর্ঘদিন ধরেই জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সৌদির সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইলসহ অন্তত ১০ গ্রামের কিছু মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন।

অন্যদিকে সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানী ঢাকার পান্থপথে সামুরাই কনভেনশন সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কিছু মুসল্লি।

আজ সকাল সাড়ে ৭টায় ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন।

অন্যদিকে দীর্ঘদিনের রীতি মেনে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামের অন্তত ২৫ হাজার মুসল্লি পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। জেলার বাউফল, গলাচিপা, কলাপাড়া উপজেলার এসব গ্রামের মানুষ আজ ঈদ পালন করছেন।

স্থানীয়দের মতে, ১৯২৮ সালে এক পীরের উদ্যোগে এসব গ্রামে সৌদি আরবের সেঙ্গ মিল রেখে রোজা ও ঈদ পালনের রীতি শুরু হয়।

/জেএইচ/