পাবনায় মাছ ধরাতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় মাছ ধরাতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
দুর্ঘটনাস্থলে স্বজনদের ভিড়। ছবি: সিটিজেন জার্নাল

পাবনা সদর উপজেলায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল চারটার দিকে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতরা হলেন– সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২)।

এছাড়া একই এলাকার শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮), ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। তারা চারজন পরস্পর চাচাতো ভাই।

আহত দুইজন হলেন– গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাত (১৪)।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকালে সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশেই জেলেদের ছাউনিতে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার জানান, সংবাদ পাওয়ার পরপরই আমি ওই গ্রামে গিয়েছি। যারা মারা গেছে তারা সবাই কৃষকের সন্তান। তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। সরকার থেকে কিছু সহযোগিতা পেতে পারে।

এদিক, বজ্রপাতে ছয় জন নিহতের ঘটনায় এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/