রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের বিচার দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের বিচার দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িত ছাত্রদলের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার ঘটনা ঘটে বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনসিপির দাবি, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদলের নেতা-কর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন। পরে সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান।

হামলায় মাঈনুল ইসলাম রাজু (সমকাল), নূর আহসান মৃদুল (দ্য ডেইলি স্টার), আরিফ উজ্জামান কোরবান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও জাহিদুল ইসলাম (আগামীর সময়) আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে দাবি করেছে এনসিপি। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনসিপি আরও দাবি করেছে, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতা-কর্মী অংশ নেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে হামলাকারীরা হুমকি দেন বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার জায়গায় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সশস্ত্র কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায় এড়াতে পারে না।

হামলায় জড়িত ছাত্রদলের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

/এমআর/