আ.লীগের নাশকতা মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দল: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের নাশকতা মোকাবিলায় রাজপথে থাকবে ১১ দল: মামুনুল হক
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, আমরা ১১ দল রাজপথে আছি। অব্যাহতভাবে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, যেকোনো সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।

মামুনুল হক বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে নিজেদের পরিচয় আবারও তুলে ধরছে। যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদী, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়নকদের অপতৎপরতা রুখতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিলো, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে তা দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে।

খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই সনদ ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নই ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তা কার্যকর না করাই ঐক্যে ফাটল সৃষ্টির অন্যতম কারণ।

তিনি বলেন, গণভোটের রায় কার্যকর করা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।

/এসবি/